টেস্টে ফেরার পরিকল্পনা নেই: আফ্রিদি

পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, টেস্ট ক্রিকেটে ফেরার কোন পরিকল্পনা তার নেই। তিনি বরং ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে মনোযোগী হতে চান। স্থানীয় নেশন পত্রিকাকে আফ্রিদি বলেন, পুনরায় টেস্ট দলে ফেরার কোন পরিকল্পনা বা বাসনা তার নেই। কেননা ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে নিজের পার্ফরমেন্সের উন্নতি ঘটাতেই নিবিষ্ট তিনি। নিজের শক্তি সম্পর্কে সচেতন উল্লেখ করে আফ্রিদি বলেন, তার ব্যাটিং-বোলিং উভয়ই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজের স্বাভাবিক খেলা খেলে উভয় ফরম্যাটেই ভাল করতে চান তিনি। তিনি আরো বলেন, সংক্ষিপ্ত ভার্সনে কখনো কখনো বড় ইনিংস খেলার চেয়েও ম্যাচের অবস্থানুযায়ী ছোট ইনিংস খেলাটা অনেক বেশি কার্যকর হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজ নিয়েও কথা বলেন আফ্রিদি। দ্বিতীয় টেস্ট সম্পর্কে তিনি বলেন, দুবাইর কন্ডিশন অথবা পিচে দলের খারাপ খেলার কোন অযুহাত থাকতে পারে না। কেননা সেখানকার সব কিছুই আমাদের দেশের মতই। তবে ভিন্নধর্মী মনস্তাত্বিক বিষয় হওয়ায় টেস্ট সিরিজ আসন্ন ওয়ানডে সিরিজের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছেন আফ্রিদি। কন্ডিশন পুরোপুরি নিজেদের পক্ষে থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতবে বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় টেস্টে বাজে খেলে পাকিস্তান সিরিজ ড্র করতে বাধ্য হলেও টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের প্রশংসাই ঝরেছে আফ্রিদির কণ্ঠে, ‘(৩৯) বছর বয়সেও মিসবাহ দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। কোন সন্দেহ নেই বাকি সবার জন্য সে একটা আদর্শ সৃষ্টি করেছে। একই সাথে সমর্থকদের মনেও সে স্থান করে নিয়েছে।’ প্রতি সিরিজের আগে একজনকে অধিনায়ক নির্বাচন করা নয়, বরং দীর্ঘমেয়াদে কাউকে দল চালানোর দায়িত্ব দেয়ারই পক্ষপাতি আফ্রিদি। পাশাপাশি এক সিরিজের পরই ঢালাও সমালোচনা না করে নির্দিষ্ট সময় শেষে পারফরম্যান্স মূল্যায়নের কথাও বললেন এই ৩৩ বছর বয়সী, ‘টিভি চ্যানেলে খেলা দেখে দলের সমালোচনা করাটা সহজ। তবে মাঠের পরিবেশটা সবসময়ই আলাদা। এটা আমার কিংবা মিসবাহ, কারো একার দল নয়। সুতরাং, খারাপ সময়ে বাজে সমালোচনা না করে সবার উচিত দলকে সমর্থন দিয়ে যাওয়া।’ টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও ডেল স্টেইনকেই মূল হুমকি মানছেন আফ্রিদি। তবে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মূল হন্তারক পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহিরকে এখনই ভালো বোলার হিসেবে মানতে নারাজ এই লেগ স্পিনার। তিনি বলেন, ‘আমার মনে হয় স্টেইন সত্যিই দারুণ। আর ইমরানের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। তবে সে কেবল (প্রথম ইনিংসে) দুইটি উইকেটের কৃতিত্বই দাবি করতে পারে। বাকিগুলো ব্যাটসম্যানরা তাকে উপহার দিয়েছে।’ ওয়ানডে দলের সাতজনকে সাথে নিয়ে গতকালই দুবাইয়ে পৌঁছে যাওয়ার কথা আফ্রিদির।-বাসস