রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা বাইচ অনুষ্ঠিত
এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৭
আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাম্পান প্রতিযোগিতায় পুরুষদের দুইটি গ্রুপে লংগদুর মাইনীর শাহ আলম ও সদরের কেইল্লামুড়া ত্রিপুরা পাড়ার প্রদীপ ত্রিপুরা এবং মহিলা বিভাগে কল্পনা চাকমার দল প্রথম স্থান লাভ করে। সাম্পান প্রতিযোগিতায় জসিম মাঝি প্রথম হন।
রির্জাভ বাজার সাঁওতাল পাহাড় থেকে পৌর টার্মিনালের ল্যান্ডিং ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ নৌকা বাইচ ও সাম্পান প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক নারী-পুরুষ সমবেত হয়। এতে রাঙ্গামাটি সদর ও আশপাশের উপজেলা থেকে পুরুষদের তিনটি ও নারীদের একটি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের একুশ ইঞ্চি টেলিভিশন ও অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কৃত করা হয়। গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত এ নৌকা বাইচের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল। এ সময় পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা চেয়ারম্যান মুছা মাতব্বর উপস্থিত ছিলেন।