বিআরটিসি ও লঞ্চের আগাম টিকিট আজ থেকে

বিশেষ প্রতিনিধি

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং লঞ্চের আগাম টিকিটি বিক্রি আজ সোমবার শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারো বিআরটিসি যাত্রী সাধারণের আরামদায়ক যাত্রা নিশ্চিতে আগামী ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া।

তিনি বলেন, ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাসডিপো, যাত্রাবাড়ী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে আগাম টিকিট বিক্রি করা হবে। ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু হয়ে ১০ জুন পর্যন্ত এই সার্ভিসের বাস চলবে।

লঞ্চের টিকিট :আজ সোমবার থেকে যাত্রীবাহী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। একই সঙ্গে আগামী ৩০ মে চালু হবে যাত্রীবাহী বিশেষ লঞ্চ সার্ভিস। গতকাল রবিবার ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনালের নতুন ভবনের সভাকক্ষে ঈদ প্রস্তুতিমূলক সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির।

তিনি জানান, টার্মিনাল ভবনের টিকিট কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী বেশ কয়েকটি লঞ্চের যাত্রীদের হয়রানি রোধ ও সুবিধার্থে অনলাইনেও টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত স্পেশাল লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪টি প্রবেশ পথ ও গ্যাংওয়েতে যাত্রী নিয়ন্ত্রণের জন্য প্রধান দফতর হতে মনিটরিং টিম গঠন করা হবে। এ ছাড়া কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সদরঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, ঢাকা জেলা (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।