নারায়ণগঞ্জে ২ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৯
নারায়ণগঞ্জে দু’জনসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ও আহত হয়েছে ২৫ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গত শুক্রবার সকালে একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে উঠে গেলে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন: জাকির হোসেন (৩০) ও হারুন মিয়া (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া মীরহাটি এলাকায় গত শনিবার সকালে বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
দিনাজপুর
জেলার বীরগঞ্জ উপজেলার রাজীপুরে গত শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় খমির উদ্দিনের ছেলে রশিদুল (২৫) নামে একজন নিহত হন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত রশিদুলকে দিনাজপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু বলে জানায়।
ভোলা (দক্ষিণ)
ভোলা সদর উপজেলার বেপারী বাড়ি এলাকায় গত শনিবার সকালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও সাতজন আহত হন। নিহতরা হলেন, নূরনবী (৩৬) ও ড্রাইভার জলিল (৪০)। আহতরা হলেন, অলী, জামাল, আজাদ, সেলিম, মনির, ইকবাল ও হাসান। আহতদের চারজনকে ভোলা ও তিনজনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগাড়া (চট্টগ্রাম)
উপজেলার পুরাতন থানা গেটের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মোস্তাক আহমেদ (৫৫) নামে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার দর্জিপাড়ার মৃত টুনু মিয়ার পুত্র। আহতরা হলেন: রুবেল, মাইমুনা খাতুন ও সিএনজি চালক কাইছার। গুরুতর আহত রুবেলকে চমকে হাসপাতালে ও অন্যদের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনার গোবিন্দপুর এলাকায় গত শুক্রবার বিকালে কভার্ড ভ্যানের ধাক্কায় সুলতান আহমেদ (৬৫) নামে এক যাত্রী নিহত ও চালকসহ ৩ জন আহত হয়েছেন। নিহত সুলতান আহমেদ দেবিদ্বার উপজেলার কুরুইগ্রামের মৃত সুজাত আলীর ছেলে। আহতরা হলেন: শ্রীমন্তপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক রাসেল, অজ্ঞাত পরিচয় আরো দুই যাত্রী।
বেনাপোল (যশোর)
বেনাপোল-যশোর সড়কের শার্শার শ্যামলাগাছি এলাকায় গতকাল শনিবার দুপুরে মোটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে যুবলীগের দুই কর্মী মারা গেছেন। নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের হায়দার শরীফের পুত্র যুবলীগ কর্মী লেলিন (৩০) ও একই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের পুত্র হিরু (২৮)।