বদরখালী কলেজে চার বছর অধ্যক্ষ নেই

বদরখালী কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গত দেড় মাস আগে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও অদৃশ্য কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। অভিভাবকরা এ কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। জানা গেছে, গত প্রায় ৪ বছর আগে অধ্যক্ষ পদটি শূন্য হলেও ভারপ্রাপ্ত দিয়েই চলছে কলেজটি। ৪ বছরে ৩ বার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও নানা ছলছুতোয় দুই বারের পরীক্ষা বাতিল করা হয়। সর্বশেষ গত ১৬ আগস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনী বোর্ড ওইদিনই ফলাফল ঘোষণা করে প্রথম স্থান অর্জনকারীকে নিয়োগ দেয়ার সুপারিশ করে। ওই নিয়োগ পরীক্ষায় রমিজ আহমদ প্রথম, আলতাফ হোসেন দ্বিতীয় এবং সিরাজুল ইসলাম তৃতীয় হন। কিন্তু এরপর দেড়মাস অতিবাহিত হলেও অদৃশ্য কারণে এখনও নিয়োগপত্র দেয়া হয়নি। আগামী ৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেয়া না হলে আইনগতভাবে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে আবারও অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। অভিভাবকরা জানান, অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাত্র একজন ছাড়া বিজ্ঞান বিভাগের সব পরীক্ষার্থী ফেল করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেয়াসহ শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের ঝুঁকির মুখে পড়েছে। গভর্নিং বডির সভাপতি সংসদ সদস্য হাসিনা আহমদের সাথে যোগাযোগ করলে তিনি কোন সন্তোষজনক জবাব দেননি।