কত স্মৃতি কত গান ভোলার নয় কখনো

বাংলা গানের আরেক জীবন্ত কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দে’র স্মৃতিচারণ করে বলেন, মান্না দা’র সঙ্গে আমার আলাপ বম্বেতে। এখন ভাবলে খুব অবাক লাগে, আমরা দুজনই বাঙ্গালি, দুজনই কলকাতার মানুষ, অথচ আমাদের দেখা হল কিনা অত দূরে গিয়ে! মান্না দা’র চলে যাওয়া মানে ভারতের সঙ্গীত জগত্ থেকে আরেক মহীরুহের বিদায়। মানুষের জীবন হিসাবে দেখতে গেলে বলতে হয়, সত্যিই বয়স হয়েছিল তার। গত পয়লা মে ছিল তার জন্মদিন। এর দুই এক দিন পর বেঙ্গালুরুতে ফোন করেছি। অনেকক্ষণ কথা হল। তিনি আমাকে দুঃখ করে বললেন, ‘সন্ধ্যাদি (বয়সে আমার চেয়ে ১২ বছরের বড় হলেও তিনি বরাবরই আমাকে ‘সন্ধ্যাদি’ ডাকতেন এবং ‘আপনি’ করে কথা বলতেন) ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আমি আর ভালো হব না। যে কয়টা দিন বাঁচি, আপনাদের সঙ্গে আমার যে অজস্র স্মৃতি—তাই বুকে করেই বাঁচতে হবে। বসে থাকতে পারি না শুয়ে থাকতে হয়। কলকাতার কথা খুব মনে পড়ে। সবাই কেমন আছে?’ আমি বললাম, ‘আপনার জন্মদিন উপলক্ষে নানা টিভি চ্যানেলে কত অনুষ্ঠান হল। খুব ভালো লাগছিল সেগুলো দেখে। সবাই আপনার কত প্রশংসা করলেন। আপনার কত সুন্দর সুন্দর গান শোনাল। গর্বে আমার মন ভরে উঠছিল।’ এমনি কত দিনের কত স্মৃতি। কোন দিন ভোলার নয়। তবে আমিও তার গানের একজন বড় ভক্ত। তিনি নেই তবে তার গান ভরিয়ে রাখবে আমাদের।