ঈদে অপেশাদার চালক গাড়ি চালাতে পারবে না :স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আসন্ন ঈদে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হবে চেকপোস্ট। গতকাল রবিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য মহাসড়কে পুলিশি টহল অব্যাহত থাকবে। সন্দেহজনক গাড়ি দেখে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে। বিশেষ রেলের ব্যবস্থা থাকায় এবং সড়ক-মহাসড়কের উন্নয়ন কাজ আগেই শেষ হওয়ায় এবার দুর্ভোগ কম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জঙ্গী হামলার কোনো আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থা তত্পর আছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।