ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন রাজ্জাক ও রেজানুর

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৩ পেয়েছেন নায়করাজ রাজ্জাক ও সাংবাদিক রেজানুর রহমান। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০০৪ সাল থেকে প্রবর্তন করা হয় এ পুরস্কার। গতকাল ১০ম আয়োজনে এ চলচ্চিত্র পরিচালনার জন্য নায়করাজ রাজ্জাক এবং চলচ্চিত্র সাংবাদিকতার জন্য রেজানুর রহমানকে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার হোটেল রূপসী বাংলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও প্রধান অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্ল¬াহ আবু সায়ীদ। পুরস্কার পেয়ে নায়করাজ রাজ্জাক বলেন, চলচ্চিত্র পরিচালনার জন্য এটা আমার প্রথম পুরস্কার। এ পুরস্কার আমার অহংকার, আমার গর্ব। রেজানুর রহমান বলেন, আমার বাবার কথা খুব মনে পড়ছে। কারণ, বাবার মুখেই আমি প্রথম ফজলুল হক ও রাজ্জাকের কথা শুনেছি। পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক মুহম্মদ জাহাঙ্গীর। ফজলুল হক সম্পর্কে স্মৃতিচারণ করেন প্রবীণ অভিনেতা ফরিদ আলী, কে জি মোস্তফা, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, ফজলুল হকের ভাই নূরুল আলম, মেয়ে কেকা ফেরদৌসী, চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান প্রমুখ। ফজলুল হক জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে। মৃত্যুবরণ করেন ১৯৯০ সালের ২৬ অক্টোবর। বাংলাদেশ চলচ্চিত্রের স্বপ্নদ্রষ্টা ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি প্রতি বছর দু’জন ব্যক্তিত্বকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সঙ্গে সম্মাননাপত্র ও ক্রেস্ট। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন। উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর বিশিষ্ট শিশু সাহিত্যিক ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক, ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী স্থপতি, বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ ও ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী।