সংলাপের মাধ্যমে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির আহবান ওয়ার্কার্স পার্টির
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:২২
সংলাপের মধ্য দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার সংসদ সদস্য ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা এমপি, ইকবাল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা, তার ক্ষমতা ও প্রশাসনিক বিন্যাস, নির্বাচনের সময় নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়েছিল। ইতিমধ্যে নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকার গঠন ও অন্যান্য বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব ঐ জটিলতা নিরসনের পথকে সুগম করেছে। সম্মেলনে বলা হয়, নির্বাচনকালীন সরকারের ব্যাপারে বিরোধী দল নেতাও একটি পাল্টা প্রস্তাব দিয়েছেন। আমরা স্পষ্টই মনে করি, বিরোধী দলের নেতার ঐ প্রস্তাব সংবিধানের বাইরে তার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিরই পুনরুক্তি।