গেন্ডারিয়ায় বাসায় ঢুকে স্কুল ছাত্রকে হত্যা চেষ্টা, আটক ১

রাজধানীর গেন্ডারিয়ায় বাসায় ঢুকে এক স্কুলছাত্রের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গেন্ডারিয়ার ২৪/২, ঢালকানগরের বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সাইফুল ইসলাম টুকুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল দনিয়ার একে হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও পারিবারিকসূত্র জানায়, সাইফুল যাত্রাবাড়ীর কাজলায় তার পরিবারের সাথে থাকে। ঈদে সে গেন্ডারিয়ায় তার খালার বাড়িতে ঘুরতে আসে। গতকাল তার খালা ও খালু ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে যান। সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয়ের ৩ যুবক বাসার দরজার কলিং বেল চেপে ভিতরে প্রবেশ করে। তারা নিজেদের টেলিফোন লাইন মেরামতকারী হিসাবে পরিচয় দিয়ে বাসায় ঢুকেই সাইফুলের হাত-পা বেঁধে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সময় আশপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা রাসেল নামে এক যুবককে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গেন্ডারিয়া থানার একজন এএসআই জানান, প্রেমের ঘটনার জের ধরে একটি পক্ষ সাইফুলকে হত্যা করতে ঐ বাসায় গিয়েছিল। আটক রাসেল পুলিশের কাছে এমনই তথ্য দিয়েছে। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু : এদিকে গুলশান-১-এ নির্মাণাধীন ১৬ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে হাফিজ নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর গোলচক্করে প্রবাসী নিহত : অন্যদিকে গতকাল বিকাল ৪টার দিকে বিমানবন্দর গোলচক্করে রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল হান্নান নামে এক প্রবাসী নিহত হয়েছেন।