গণমাধ্যম এবারো সংবিধান অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হবে :তথ্যমন্ত্রী
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ, সংবিধান অপব্যাখ্যাকারী ও মিথ্যাচারের বিরুদ্ধে গণমাধ্যম সব সময়ই সঠিক ভূমিকা পালন করে আসছে, কখনোও আপস করেনি। গণমাধ্যম এবারও সংবিধান অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ইউনেস্কো বাংলাদেশ জার্নালিজম এ্যাওয়ার্ড-২০১৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউনেস্কো ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এ্যান্ড কমিউনিকেশনের (বিসিডিজেসি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও ইউনেস্কো বাংলাদেশ -এর অফিসার ইনচার্জ কিজি ওয়াইস্যু। সভাপতিত্ব করেন বিসিডিজেসি’র সভাপতি সাংবাদিক নাইমুল ইসলাম খান।
আবদুল মান্নান খান বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে আগামী জাতীয় নির্বাচনের পর আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তার আগ পর্যন্ত বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে অবৈধ বলে আখ্যায়িত করাও সংবিধান পরিপন্থি। তিনি বলেন, সংবিধানের এ ধারাতে যদি কোন ত্রুটি-বিচ্যুতি থাকে তাহলে সেটিও সাংবিধানিক পন্থায় সমাধান বা সংশোধন করতে হবে।
উল্লেখ্য, এ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫ জন রিপোর্টার ও ফটো সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে।