তিনটি টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে বোমা হামলা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩১
রাজধানীতে বেসরকারি তিনটি টেলিভিশন স্টেশন ৭১ টেলিভিশন, মাই টিভি ও দেশ টিভির কার্যালয়ের গেটে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যার পরপরই দুর্বৃত্তরা এ হামলাগুলো চালায়। এসব হামলায় ৭১ টেলিভিশনের দুই জন আহত হয়েছেন। তারা হলেন, ৭১ টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর জাকারিয়া বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসাইন। বর্তমানে তারা চিকিত্সাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বারিধারায় ৫৮ সোহরাওয়ার্দী এভিনিউয়ে একাত্তর চ্যানেলে গেটে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেলের আঘাতে চ্যানেলটির সিনিয়র নিউজ এডিটর জাকারিয়া বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসাইন। একাত্তর টিভি কর্তৃপক্ষের দাবি করে জানিয়েছে, চ্যানেলে সংবাদ প্রকাশ করায় জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যার পরপরই মৌচাক মোড়ে দেশটিভির ভবনের সামনে কো বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটির বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কেউ আহত হননি। অপরদিকে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাংলামোটর মাইটিভির সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কারো আহত হবার খবর পাওয়া যায়নি।