১৮ দলের টানা তিন দিনের হরতাল আজ শুরু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৩১
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহূত সারাদেশে টানা তিন দিনের হরতাল আজ রবিবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জোটের সমাবেশে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাব নিয়ে শনিবারের মধ্যে সংলাপের উদ্যোগ না দিলে তিন দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ফোন করে দেশ ও জনগণের স্বার্থে হরতাল প্রত্যাহার করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তাকে আগামী সোমবার রাতে গণভবনে বৈঠকের আমন্ত্রণ জানান। পরে রাতে গুলশানস্থ কার্যালয়ে বিরোধী দলের পক্ষে সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, হরতাল বহাল থাকবে। খালেদা জিয়া কথোপকথনে শেখ হাসিনাকে বলেছেন, হরতাল যেহেতু বিএনপি দেয়নি, ১৮ দল দিয়েছে। আর গতকাল যেহেতু হরতালের আগের রাত, কাজেই এখন বিএনপির একার পক্ষে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।
মারুফ কামাল খান বলেন, নির্দলীয় সরকারের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হলে মঙ্গলবার সন্ধ্যায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা শুরুর আহ্বান জানান, তাহলে বিএনপি সাড়া দেবে।