আজ রাতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ নবম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরাম (ডব্লিউআইইএফ) সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রবিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতি আজ রাত ৯টা ৫ মিনিটের সময় আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৯ অক্টোবর লন্ডন কনভেনশন সেন্টারে ডাব্লিউআইইএফ’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন। এই সম্মেলনের বাইরে ইসলামিক দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ওই দিনই তিনি লন্ডনে ক্যাপিটাল হিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোঃ নাজিব তুন আবদুল রাজ্জাকের দেয়া সংবর্ধনা ও নৈশ ভোজ সভায় যোগ দেবেন। মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এ ভোজ সভায় প্রিন্স চার্লসও যোগ দেবেন। রাষ্ট্রপতির ৩০ অক্টোবর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির ৩০ অক্টোবর রাতে লন্ডন ত্যাগ করবেন এবং দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ৩১ অক্টোবর তার ঢাকা ফেরার কথা রয়েছে। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার কার্যালয়ের সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।