র্যাব সদস্যদের মারধরের ঘটনায় দুই শিক্ষার্থী আটকের পর মুচলেকায় মুক্তি

মুগদার মানিকনগরে র্যাবের দুই সদস্যকে মারধরের অভিযোগে বেসরকারি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরা হলেন, মহিবুল্লা ও আবগার। পরে মুচলেকা নিয়ে ওই শিক্ষার্থীদেরকে র্যাব ছেড়ে দেয়। র্যাব সূত্রে জানা গেছে, শনিবার র্যাব-১০ এর একজন কর্মকর্তা গাড়িতে করে মানিকনগর দিয়ে কার্যালয়ে যাচ্ছিলেন। গাড়িটি ইউনিভার্সিটি ভবনের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঐ ছাত্ররা র্যাব কর্মকর্তাকে বহনকারী গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীকে তাদের ভবনে নিয়ে মারধর করে। খবর পেয়ে র্যাব-১০ এর কার্যালয় থেকে অতিরিক্ত সদস্য এসে তাদের মুক্ত করেন। এসময় র্যাব সদস্যরা ইউনিভার্সিটির এমবিএ’র ছাত্র মহিবুল্লা ও বিবিএ’র ছাত্র আবগারকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ করলে এক পর্যায় তারা রাস্তা অবরোধের চেষ্টা করে। এ ব্যাপারে র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, ঐ দুই ছাত্রের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।