হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল, গাড়ি ভাংচুর ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৪৪
শনিবার থেকে শুরু হওয়ার বিএনপির টানা ৬০ ঘণ্টার হরতালের পক্ষে-বিপক্ষে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পাল্টাপাল্টি মিছিল সমাবেশের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে যানবাহনে হামলা ও ভাংচুর চালিয়েছে মিছিলকারীরা। গাজীপুরে হরতাল সমর্থনকারীরা একটি ট্রাক, কাভার্ড ভ্যান ও একটি টেক্সিক্যাবে আগুন ধরিয়ে দিয়েছে। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫টি মোটর সাইকেল ভাংচুর ও ৩টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। নেত্রকোনায় ৮/১০টি টেম্পো এবং ময়মনসিংহগামী একটি এ্যাম্বুলেন্স ভাংচুর করে মিছিলকারীরা। আমাদের বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে এসব কথা জানানো হয়।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর লাভলেইন মোড়ে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠন। মিছিলটি নূর আহমেদ সড়ক ধরে লাভলেইন মোড়ে আসার পর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। মিছিলে অংশ নেয়া কয়েকজন ইট পাটকেল নিক্ষেপ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। তবে পুলিশের ধাওয়া খেয়ে তারা এনায়েত বাজারের দিকে পালিয়ে যায়। মিছিলটি পরে বিএনপি কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গতকাল রাত সাড়ে ৮টায় আন্দরকিল্লায় নগর ভবনের সামনে ও কিছুক্ষণ পর জামালখানে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে চারটি ককটের বিস্ফোরণ ঘটে।
সিলেট অফিস জানায়, বিকালে জেলা বিএনপি নগরীতে মিছিল সমাবেশ করেছে। বিকাল ৪টায় চৌহাট্টা পয়েন্টের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম। অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সমপাদক আবদুল গফফার, সহ-সভাপতি সাবেক পিপি এডভোকেট নুরুল হক, যুগ্ম সমপাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সমপাদক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহিদ আহমদ চেয়ারম্যান, সাধারণ সমপাদক একেএম তারেক কালাম, সাংগঠনিক সমপাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সমপাদক শাহ আলম স্বপন, কেন্দ ীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
অপরদিকে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে নগরীর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার হকার পয়েন্ট এলাকায় ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বিকাল ৪টার দিকে নগরীতে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগরীর উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে নগরীতে। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ ীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অনোয়ারুল ওয়াদুদ টিপু প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় গাজীপুরে চান্দনা চৌরাস্তায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। পুলিশ জানায়, মাগরিবের নামাজের পর চান্দনা চৌরাস্তা মোড়ের ঢাকা রোডে হরতাল সমর্থনকারীরা একটি ট্রাক, কাভার্ড ভ্যান ও একটি টেক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে বিকালে গাজীপুর শিববাড়ি মোড়ে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে অন্তত ৭টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা রোডে চাঁদপুর ভবনের সামনে দুটি ককটেল বিষ্ফোরিত হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জের বাসুদেবপুর বাজারে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫টি মোটর সাইকেল ভাংচুর ও ৩টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। এসময় হামলায় উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার (৫৫) ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল ওয়ারেছ (২৫) সহ ৫ জন আহত হয়।
আব্দুর রহমান মাস্টারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী জেলা বিএনপির নেতা কর্মীরা শনিবার বিকালে জেলা শহরের পৌর বাজারের সামনে এক সমাবেশ করে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহাবুব আলমগীর আলো, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিলকে কেন্দ করে ককটেল বিষ্ফোরণ, যানবাহন ভাংচুর, ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, হরতালের সমর্থনে বিকালে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করে এবং সার্কিট হাউজের নিকট ৫/৭টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এসময় ৮/১০টি টেম্পো এবং ময়মনসিংহগামী একটি এ্যাম্বুলেন্স ভাংচুর করে। এর পরপরই নেত্রকোনা জেলা ছাত্রলীগ ও যুবলীগ শহরে হরতালের বিপক্ষে মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, ছাত্রলীগের মিছিল থেকে জেলা বিএনপি অফিসে হামলা চালানো হয় এবং অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কেদ্রীয় বিএনপির মহিলা দলের মানবাধিকার বিষয়ক নেত্রী এডভোকেট ড. আরিফা জেসমিনের নেত্রকোনার বাসাও মেছুয়া বাজারের চেম্বার ভাংচুর করা হয়। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার কাশীনাথপুরে শনিবার সন্ধ্যায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের অফিসসহ ১০টি দোকান ভাংচুর ও কমপক্ষে ১৫টি বাসে ভাংচুরসহ ২০টি দোকান জ্বালিয়ে দেয়া হয়। এ সময় দুই গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়।
জানা যায়, সন্ধ্যায় উপজেলার কাশীনাথপুরে হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে কাশীনাথপুর ও জাতসাখিনী ইউনিয়ন বিএনপি। পরে হরতালের বিপক্ষে মিছিল বের করে কাশীনাথপুর, আহাম্মদপুর ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ বাধলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে বিএনপির সমর্থকরা জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ ১০টি দোকান ও ১৫টি গাড়ি ভাংচুর করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আহাম্মদপুর জালাল মিয়া মার্কেটে অগ্নি সংযোগ করে। এতে কমপক্ষে ২০টি দোকান পুড়ে যায়।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। মিছিল শেষে উপজেলা পরিষদ মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা যুবদল নেতা মাসুদ মোর্শেদ, আমিনুল ইসলাম আমিন সরকার, হামিদুর রহমান, পৌর যুবদল নেতা আব্দুল মতিন, রাজিব আহমেদ, আলমগীর, ত্রিশাল উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।
ধুনট (বগুড়া) সংবাদদাতা জানান, শনিবার ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগের পাল্টা পাল্টি মিছিল সমাবেশ করেছে। জানা যায়, বিএনপির তিন গ্রুপের পৃথক তিনটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষে ধুনট বাজারে সমাবেশ করে বিএনপি। বিকাল সাড়ে ৪টায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতকার আলম সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে পাট বোঝাই একটি ভটভটিতে অগ্নি সংযোগ করা হয়। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি মিছিল নিয়ে তাদেরকে ধাওয়া করে। আওয়ামী লীগের মিছিলটি থেকে এক বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। বাসার সামনে রাখা দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর-১ (গাজীপুর সদর একাংশ ও কালিয়াকৈর) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হকের বাসার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে এমপি মোজাম্মেল হকের গাজীপুর জেলা শহরের মধ্যছায়াবীথির বাসার সামনে এ ঘটনা ঘটে।