জরুরি বৈঠকে ডিএমপি কমিশনার
নাগরিক নিরাপত্তায় যা যা করণীয় তাই করতে হবে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৪৯
টানা ৩ দিনের হরতালে দুর্বৃত্তদের নাশকতা সৃষ্টির ব্যাপারে পুলিশ সদস্যদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। একই সাথে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে গতকাল শনিবার হরতাল-পূর্ব এক জরুরি বৈঠকে ডিএমপি কমিশনার এ নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নাগরিকের নিরাপত্তায় যা যা করণীয় তাই করতে হবে। হরতালে নাশকতা সৃষ্টিকারীদের কোন ছাড় নেই। এ ব্যাপারে কোন অবস্থায় কাউকে ছাড় দেয়া হবে না।
পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন- পুলিশ প্রধান আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপির সব থানার ওসি, ৮ বিভাগের ডিসি, ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল জোনের এডিসি, এসি এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। বৈঠকে ১৮ দলের ডাকা আজ রবিবার থেকে টানা ৩ দিনের হরতাল পূর্ববর্তী সহিংসতার বিষয়েও দিক নির্দেশনা দেয়া হয়। অপর দিকে আইজিপি হাসান মাহমুদ খন্দকার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।