ভারি বর্ষণ ও বন্যায় ভারতে ৪০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষতি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫৩
প্রবল বর্ষণ ও বিক্ষিপ্ত বন্যায় ভারতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থাপনা, বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সবচে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা। গতকাল পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে অন্ধ্র প্রদেশে ৩০ এবং উড়িষ্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এর জের ধরে হাওড়া-চেন্নাই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।
উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ্তকুমার মহাপাত্র জানিয়েছেন, ১২টি জেলায় অতিবৃষ্টি হয়েছে। এর মধ্যে গঞ্জামের পরিস্থিতিই সবচেয়ে খারাপ। বন্যার পানিতে ডুবে ও দেয়াল চাপা পড়ে গঞ্জাম ও জগিসংহপুরে ১০ জন মারা গেছে। বিশেষ ত্রাণ কমিশনার জানান, রাজ্যের ৮৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হছে। ৩টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও উদ্ধার তত্পরতা শুরু করেছে। টানা চার দিনের বৃষ্টিতে উপকূলীয় অন্ধ্রের একাধিক জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। বন্যায় এই অঞ্চলের আড়াই লাখ হেক্টর জমিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এক রেলকর্তা জানান, হাওড়ামুখী বেঙ্গালুরু দুরন্ত ও গৌহাটি-যশোবন্তপুর এক্সপ্রেস চিলিকা স্টেশনে আটকে পড়েছে।