ফরিদগঞ্জে ত্রি-মুখী সংঘর্ষ

নিহত তিন যুবদল নেতার বাড়িতে শোকের মাতম

ফরিদগঞ্জে বিএনপি-জামায়াতের সাথে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন যুবদল নেতার বাড়িতে এখন চলেছে শোকের মাতম। পরিবারের লোকজন তাদের কাছের মানুষটিকে হারিয়ে এখন নির্বাক হয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে তাদের। উপজেলার বদরপুর গ্রামের ভুঁইয়া বাড়ির আব্দুর রহিমের বড় সন্তান মো: বাবুল ভুঁইয়া। পেশায় কাঠমিস্ত্রী। তিন সন্তানের জনক। রুপসা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিল বাবুল। ঘটনার দিন বাবা আ: রহিমসহ বিএনপির ডাকা মিছিলে অংশ নিতে ফরিদগঞ্জ সদরে আসে বাবুল। কিন্তু বাবা জীবিত ফিরে আসলেও লাশ হয়ে বাড়ি ফেরে বাবুল। তার স্ত্রী তিন সন্তান নিয়ে কোথায় যাবে এই চিন্তায় সে এখন বাকরুদ্ধ। বিএনপির মিছিলে যোগ দিতে গিয়ে বাবুলের মতোই নিহত হয় টাইলস মিস্ত্রী আরিফ হোসেন (২৬)। বারপাইকা গ্রামের আরিফের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার মিছিলে এসে লাশ হয়ে বাড়ি ফেরে উপজেলার গাজীপুর গ্রামের জাহাঙ্গীর। স্থানীয় একটি সমবায় সমিতিতে চাকরি করতেন তিনি। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা।