মূল বইটি বারবার পড়ে নেবে
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:২১
আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই আছে পরীক্ষা আরো ভালো হবে। সকল প্রস্তুতি ও শক্তি তোমাদের রয়েছে। পাঠ্যবইয়ের ভেতর থেকেই সকল প্রশ্ন হবে শুধুমাত্র জ্ঞানবলে তোমাকে তার উত্তর করতে হবে। আর জ্ঞান সবারই প্রথম থেকেই বর্তমান। পরীক্ষায় কেবল তার প্রকাশ ঘটে। আর এও জেনে রাখো সৃজনশীল পদ্ধতিতে উত্তর করা সহজ বরং প্রশ্ন করাই কঠিন। তাই প্রশ্নের দায় তোমাদের নয়।
শিক্ষাক্রম বিশেষজ্ঞরা বিচার- বিশ্লেষণ , পর্যবেক্ষণ, পর্যালোচনা করে দৃঢ়তার সঙ্গে বলেছেন সৃজনশীল পদ্ধতিতে গাইড বইয়ের কোনই প্রয়োজনীয়তা নেই। গাইড বই মেধার পচন ঘটায়। তোমাদের আরো অনেক পথ যেতে হবে। অর্থবহ সংকেতটি অনুধাবন করতে হবে তোমাদেরকেই। স্বীয় স্বার্থে। স্বীয় অবস্থার পরিবর্তনে। তাই মূলবইটি বারবার পড়ে নেবে।
তোমাদের জ্ঞান ও মেধার মাত্রাটা জানতে চায় সকলে। তাই এ পরীক্ষা। তোমাদের চেয়ে যারা আরো অনেক ছোট শিশু তাদেরও মেধা যাচাইয়ের পাবলিক পরীক্ষা হচ্ছে, মেধার পরিমাপ হচ্ছে। তোমরাতো পঞ্চম শ্রেণির শিশু নও তোমরা অষ্টম শ্রেণির শিশু। তোমাদের জ্ঞান, অনুধাবন ও প্রয়োগের দক্ষতা সকলই রয়েছে। নিঃসংকোচে আনন্দের সহিত পরীক্ষা হলে প্রবেশ করো।
তোমরা অনেক ভালো পরীক্ষা দাও অনেক বড় হও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জীবনব্রত গ্রহণ করো।