উত্তর লেখার জন্য তথ্য জানতে হবে

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা সাধারণ বিজ্ঞান পড়তে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়েছ সেগুলো আমাদের জানিয়েছ। তোমাদের প্রশ্নগুলোর ধরন ও সমাধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল। ১ নং প্রশ্নটি অনুধাবন স্তরের। এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে তোমরা উভচর প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করে তার সাথে ব্যাঙের মিল দেখিয়ে সিদ্ধান্ত লিখবে। ২নং প্রশ্নটি প্রয়োগ স্তরের। এই প্রশ্নটির উত্তর লেখার জন্য যে তথ্য জানতে হবে তা’হল কোন পরমাণুর ভরসংখ্যা তার প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলের সমান এবং পারমাণবিক সংখ্যা হল প্রোটন সংখ্যার সমান। একটি পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান। ভরসংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই পেয়ে যাবে নিউট্রন সংখ্যা। ৩নং প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতা স্তরের। এই প্রশ্নটির উত্তর করতে হলে মিয়োসিস কোষ বিভাজনের ফলে কিভাবে হ্যাপ্লয়েড কোষ গঠিত হয় এবং পিতা-মাতার হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে কিভাবে ডিপ্লেয়েড জাইগোট কোষ গঠিত হয় তা বিশ্লেষণ করতে হবে। কোষের ক্রোমোজোমে এর অংশ যা জিন নামে পরিচিত। জিন বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে। জাইগোট কোষে পিতা ও মাতার উভয়ের জিন থাকে তাই সন্তান পিতা ও মাতার উভয়েরই বৈশিষ্ট্য বহন করে। এটাই হল বংশ গতির ধারা। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি না হলে জাইগোট কোষ গঠন সম্ভব হতো না। তাই মিয়োসিস কোষ বিভাজনই বংশগতির ধারা রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। ৪নং প্রশ্নটি অনুধাবন স্তরের। পাথর ও কাগজের টুকরার উপর একই অভিকর্ষ বল ক্রিয়া করা সত্ত্বেও বাতাসের বাধা বল কাগজের টুকরার উপর পাথর খণ্ডের চেয়ে বেশি ক্রিয়াশীল বলে পাথর খণ্ডটি আগে ভূপৃষ্ঠে পৌঁছায়। ৫নং প্রশ্নটিও অনুধাবন স্তরের। উদ্ভিদ দেহে শোষিত অতিরিক্ত পানি প্রস্বেদনের মাধ্যমে বাহিরে বের হয়ে যায় কিন্তু অতিরিক্ত প্রস্বেদনের ফলে উদ্ভিদের মৃত্যু ঘটতেও পারে। তাই প্রস্বেদনকে উদ্ভিদের জন্য ‘Necessary evil’ বলা হয়। ৬নং প্রশ্নটি প্রয়োগ স্তরের। বিক্রিয়ক ও উত্পাদক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে যে, এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় একটি নিরপেক্ষ পদার্থ উত্পন্ন হয়েছে। তখনই বলা যাবে এই বিক্রিয়াটি একটি প্রস্বেদন বিক্রিয়া। ৭নং প্রশ্নটিও প্রয়োগ স্তরের হতে পারে। এক্ষেত্রে দুই ধরনের বৈদ্যুতিক সংযোগের বিশ্লেষণ করে কোনটি গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে উপযোগী তা দেখাতে হবে। সেক্ষেত্রে সমান্তরাল সংযোগে বর্তনীতে ব্যবহূত প্রত্যেকটি বৈদ্যুতিক উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন মানের তড়িত্ প্রবাহিত হয় কিন্তু তাদের প্রত্যেকটির ক্ষেত্রে ভোল্টেজের মান একই থাকে। ফলে একটি বৈদ্যুতিক উপকরণ নষ্ট হয়ে গেলেও অন্যগুলো সঠিকভাবে কাজ করে। অন্যদিকে শ্রেণি সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক উপকরণগুলো পর পর ব্যবহূত হয় বলে কোন একটি বৈদ্যুতিক উপকরণ নষ্ট হয়ে গেলে তার পরবর্তী উপকরণগুলো আর সচল থাকে না। তাই গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে সমান্তরাল সংযোগই সুবিধাজনক। ৮নং প্রশ্নটি অনুধাবন স্তরের। ফুলের উল্লেখিত অংশ দুটি পরাগায়নের সাথে সরাসরি যুক্ত। তাই এদের ফুলের অত্যাবশ্যকীয় অংশ বলা হয়। ৯নং প্রশ্নটি অনুধাবন স্তরের। আলোর বেগ মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যম পরিবর্তন হলে বেগ পরিবর্তিত হয়। ফলে দিকও পরিবর্তিত হয়। ১০নং প্রশ্নটিও অনুধাবন স্তরের। বাস্তুতন্ত্রের উপাদানগুলো বাহিরের কোন প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। এগুলো একে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একটি ভারসাম্য বজায় রাখে। এজন্য বাস্তুতন্ত্রকে স্বয়ংসম্পূর্ণ একক বলা হয়।