রিভিশন দেয়া অত্যন্ত জরুরি

সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে তোমাদের জে. এস. সি পরীক্ষা। তোমাদের জন্য এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জে. এস. সি পরীক্ষায় ভালো ফলাফল তোমাদের পরবর্তী জীবনকে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল করবে। তাই ভালো ফলাফলের লক্ষ্যে পরীক্ষার অবশিষ্ট কয়েক দিন তোমরা রুটিনমাফিক সকল বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের পাঠ্য বইয়ের মূল বিষয়বস্তুগুলো আত্মস্থ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বার বার অনুশীলন করবে। যে সকল বিষয় তুলনামূলকভাবে কঠিন এবং যে বিষয়গুলোতে তোমাদের দুর্বলতা আছে সেগুলো অধিক গুরুত্ব সহকারে চর্চা করবে। নতুন সংযোজিত বিষয়ের উপরে অনেক বেশি গুরুত্বারোপ করবে। সময়ের অপচয় না করে প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। রাজনৈতিক অস্থিরতার কারণে পাঠ্যক্রমে যে ঘাটতি হয়েছে তা পূরণের লক্ষ্যে বিদ্যালয়ে এবং বাসায় অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। প্রয়োজনে টিউটরের সহায়তা গ্রহণ করবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে অধিক নম্বর পাওয়ার জন্য যে বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো— সৃজনশীল প্রশ্নের ০৪টি অংশের মধ্যে ‘ক’ নম্বর (জ্ঞান) প্রশ্নের উত্তর সংক্ষেপে সঠিক তথ্য লিখতে হবে, ‘খ’ নম্বর (অনুধাবন) প্রশ্নের উত্তর নিজের ভাষায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, ‘গ’ নম্বর (প্রয়োগ) প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে হবে এবং ‘ঘ’ নম্বর (উচ্চতর দক্ষতা) প্রশ্নের উত্তর যুক্তি ও উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করে যথাযথ সিদ্ধান্তসহ উপস্থাপন করতে হবে।