কুমুদিনী হাসপাতাল ঘাটে ব্রিজ নির্মাণের দাবি
আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২০:০৮
মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল গেটসংলগ্ন লৌহজং নদীর ওপর একটি পাকা সেতু না হওয়ায় শত বছর ধরে চলছে জনদুর্ভোগ। গুরুত্বপূর্ণ এই ঘাটে একটি পাকা ব্রিজের অভাবে মির্জাপুরের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। হাসপাতালটি পৌরসভার মধ্যে স্থাপিত হলেও এ যেন বাতির নিচেই অন্ধকার। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায় নড়বড়ে একটি বাঁশের সাঁকো দিয়ে লোকজন ঝুঁকির মধ্যে পারাপার হচ্ছে। জানা গেছে, মির্জাপুর উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী মানিকগঞ্জ ও ঢাকা জেলার যোগাযোগের অন্যতম রাস্তা মির্জাপুর-কামারপাড়া-ধামরাই রাস্তা। কিন্তু উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল গেটসংলগ্ন লৌহজং নদীর ঘাটে ব্রিজ না হওয়ায় তিন জেলার কয়েক লাখ মানুষ সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। বর্ষাকালে খেয়া নৌকা এবং শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়ে আসছে। হাসপাতালে চিকিত্সা নিতে আসা শত শত রোগী এবং স্কুল-কলেজে আসা ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে নদী পারাপার হচ্ছে। এছাড়া মালামাল পরিবহনে ব্যবসায়ীদের কষ্টের সীমা নেই। নদীর ঘাটে একটি পাকা ব্রিজ অথবা একটি ফুট ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী সূত্র জানায়, ইতিপূর্বে ঐ নদীর ঘাটে পাকা ব্রিজ নির্মাণে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু এলাকার একটি বিশেষ মহলের কারণে পাকা ব্রিজ নির্মাণ বন্ধ হয়ে যায়।