পৃথক ঘটনায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২০:১০
বিভিন্ন স্থানে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়ায় গত শনিবার রাতে মিন্টু চক্রবর্তীর পুত্র টিটু চক্রবর্তী (২৭) নামে এক ব্যক্তি পারিবারিক কলহে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে। এ ব্যাপারে রবিবার নিহতের ভগ্নিপতি শংকর চক্রবর্তী সাতজনকে আসামি করে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ টিটু চক্রবর্তীর তিন শ্যালক অর্জুন চক্রবর্তী (২৫), মোহন চক্রবর্তী (২৩) ও রানু চক্রবর্তীকে (১৫) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারের মনোহরদী গোরস্তান থেকে গতকাল রবিবার সকালে নজরুল ইসলামের ছেলে এমরান (২০) নামের এক পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, হত্যা না আত্মহত্যা— এ ব্যাপারে ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।
কালকিনি (মাদারীপুর)
কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামে গত শনিবার রাতে সাজাহান খানের মেয়ে সুমি বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের দাবি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে তার মৃত্যু হয়।
জানা গেছে, একই এলাকার মফেজ আলি মোল্লার ছেলে সোনা মিয়ার সাথে গত ৫ বছর আগে সুমির বিয়ে হয়। স্বামীর অনুপস্থিতিতে সুমি একজনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়ে তার স্বামী ও সুমির আত্মীয়-স্বজন বোঝানোর চেষ্টা করে। এতে সুমি ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। কালকিনি থানার ওসি নাজমুল হুদা বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।