মাদারীপুর ও মহেশপুরে দুইজন খুন

মাদারীপুর ও মহেশপুরে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে গত শনিবার মফিজ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর ও সদর উপজেলা যুব লীগের সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানের পিতা শনিবার দুপুরে নিখোঁজ হয়। পরে রাতে কুমার নদীর তীরে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। মাদারীপুর সদর থানার ওসি সুভাস চন্দ্র পাল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা হয়েছে। মহেশপুর (ঝিনাইদহ) ঝিনাইদহের মহেশপুরে গতকাল রবিবার সকালে মায়ের লাঠির আঘাতে আশিক (১২) নামে একজন মারা গেছে। জানা যায়, তুলশিতলা গ্রামে মা ছেলে আশিককে বৃষ্টিতে ভেজা কাঠ শুকানোর কথা বললে ছেলে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে মহেশপুর হাসপাতালে পরে যশোর হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।