‘রাজকীয় কারাগার’!

রাজা হওয়া নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না ব্রিটেনের প্রিন্স চার্লস। কারণ তার ভয় রাজকীয় কার্যক্রম করতে গিয়ে তিনি এক ধরনের কারাগারে আটকে পড়বেন! প্রিন্স অব ওয়েলসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন। ম্যাগাজিনটির পক্ষ থেকে চার্লসের ৫০ জন বন্ধু এবং সহযোগীর সঙ্গে কথা বলা হয়। নভেম্বরে শ্রীলংকায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানদের শীর্ষ সম্মেলনে রানী এলিজাবেথের পরিবর্তে অংশ নেবেন প্রিন্স চার্লস। আগামী বছরগুলোতে মা রানী এলিজাবেথের কাজের অনেকটাই করতে হবে ছেলে প্রিন্স চার্লসকে। কারণ ৮৭ বছর বয়সী রানী এলিজাবেথের পক্ষে এখন খুব বেশি ভ্রমণ করা সম্ভব নয়। টাইম ম্যাগাজিন জানিয়েছে, বাড়তি এই রাজকীয় দায়িত্বে ‘খুশি নন’ চার্লস। তিনি এরই মধ্যে এর চাপ অনুভব করতে শুরু করেছেন এবং তার বর্তমান জীবনে এর প্রভাব নিয়ে তিনি কিছুটা চিন্তিত। প্রতিবেদনটির লেখক বলেন, প্রিন্স ম্যাগাজিনটির সঙ্গে তার আশা এবং ভবিষ্যত্ নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি আলোচনা করেছেন। দুই বছর পর পর কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ১৯৭৩ সাল থেকে রানী এলিজাবেথ সবগুলোতে অংশ নিয়েছেন।