কুলাউড়ায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

উপজেলার ৫টি ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ মাারাত্মক আকার ধারণ করেছে। গত দুইদিনে ভূকসিমইল, কাদিপুর, গুপ্তগ্রাম, কর্মধা ও কুলাউড়া ইউনিয়নে এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। গত ১০/১২ দিনে প্রায় আড়াইশ’ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত শনিবার সকালে কর্মধা ইউনিয়নের কালুটি চা বাগানে শিপুজন রবিদাস (৪৫) এবং রসিদপুর চা বাগানে দীপচন বৈদ্য (২৪) গতকাল সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এই বাগানের বিভিন্ন স্থানে আরো অনেকে ডায়রিয়ায় আক্রান্ত রয়েছে বলে জানা গেছে। ভূকসিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় মুক্ত স্কাউট গ্রুপ গত শনিবার হাসপাতালে এক হাজার সিসি’র ৬৪ ব্যাগ স্যালাইন হাসপাতালে প্রদান করে। গতকাল দুপুরনাগাদ তাও শেষ হয়ে যায়। হাসাপাতালে স্যালাইন সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ জানান, সিলেট বিভাগের সর্বত্র কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।