ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ

ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে বিএনপি

ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা রাজনীতিতে সমঝোতা চায় না, সংঘাত চায়। তাই যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে রাজনীতি করছে। জামায়াত-শিবিরের নেতাদের মুক্তি চাইছে। হরতাল দিয়ে জনগণকে ভীত করছে। জনগণও বিএনপির প্রতি বিশ্বাস হারিয়েছে। বিএনপি-জামায়াত-হেফাজতের জঙ্গীবাদ ও সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে ছাত্রনেতারা এ কথা বলেন। ‘স্বাধীনতা বিরোধীদের মুক্তির দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে’ ছাত্র সংগ্রাম পরিষদ এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে মিলিত হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমন, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ। ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলো হলো- ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র আন্দোলন, ছাত্র ঐক্য, ছাত্র সমিতি।