বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৫২
হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এর কোন বিকল্প নেই। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন হতে শতাধিক আইনজীবীর একটি মিছিল বের হয়। মিছিলটি সমিতি ভবন থেকে সরকার বিরোধী শ্লোগান দিতে দিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের দিকে যায়। আইনজীবীরা মিছিল নিয়ে রাজপথে যেতে চাইলে পুলিশ ফটক বন্ধ করে দেয়। পরে ফটকের সামনে বসে পড়েন আইনজীবীরা। সেখানে সমাবেশ শেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সুপ্রিম কোর্ট প্রদক্ষিণ করে সমিতি ভবনে গিয়ে শেষ হয়।