লড়াকু সামর্থ্যের জানান দিল ম্যান ইউ

আরো একটি হারের শংকার মধ্যেই বিরতির পর ওয়েন রুনির অনুপ্রেরণা দেয়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড দু’দফায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অতিথি স্টোক সিটিকে ৩-২ গোলে হারাতে সক্ষম হয়। গত শনিবার লিগের অপর খেলাগুলোয় লুই সুয়ারেজের হ্যাট্রিকে লিভারপুল ৪-১ গোলে ওয়েস্ট ব্রমউইচকে, শীর্ষে থাকা আর্সেনাল ২-০ গোলে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করে। ম্যানচেস্টার ইউনাইটেড এ জয়ের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষায় আবারো নিজেদের লড়াকু সামর্থ্য তুলে ধরতে পারলো। রুনির ৭৮ মিনিটের গোলটি কোচ ডেভিড ময়েসের দলকে সমতা এনে দেয়। এর দুই মিনিট পর জাভিয়ের হার্নানদেজ জয়সূচক গোলটি করেন। যদিও শিরোপাধারীরা চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়েছিল এবং ৪৩ মিনিটে তারপরও ইউনাইটেড শীর্ষে থাকা আর্সেনালের চাইতে আট পয়েন্ট পিছিয়ে থেকে অষ্টম স্থানে থাকলো। আর্সেনালের জয়ে গোলদুটি করেন মাইকেল আর্টেটা ও অলিভার গেরুদ। লিভারপুলের জয়টি ছিল এদিনের খেলাগুলোর মধ্যে সবচাইতে সন্তোষজনক। শুধু তাই নয় এ জয়টি তাদের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে তুলে আনে। এ জয়ে কোচ ব্রেন্ডন রজার্সের দল আর্সেনালকে দুই পয়েন্টের নাগালের মধ্যে পেল। এছাড়া এভার্টন ২-০ গোলে এস্টন ভিলাকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসে। অবশ্য গত রাতে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার খেলাটির পর পয়েন্ট টেবিলের উপরের দিকে দ্বিতীয় ও তৃতীয় স্থান দুটিতে পরিবর্তন আসতে পারে। ডর্টমুন্ড ও বায়ার্ন জয়ী হেনরিখ মখিতারায়ানের অনুপ্রাণিত খেলায় বরুশিয়া ডর্টমুন্ড ৩-১ গোলে হারাল শালকে জিরোফোরকে। জার্মানির বুন্দেশলিগায় গত শনিবার অনুষ্ঠিত অপর খেলায় বায়ার্ন মিউনিখ কিছুটা বিপদের মধ্যে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারায় হার্থা বার্লিনকে। আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ বরুশিয়ার তিনটি গোলেই অবদান রাখেন। শীর্ষে থাকা বায়ার্ন অবশ্য পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ী হয়। এ নিয়ে লিগে ৩৫টি খেলায় অপরাজিত আছে বায়ার্ন।