ইনজুরিতে শফিউল ডাক পেলেন আল আমিন

ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক একদিন আগে ইনজুরিতে পড়লেন পেসার শফিউল ইসলাম। ডান পায়ের অ্যাংকেল ইনজুরির কারণে তাকে প্রায় চার থেকে ছয় সপ্তাহ দলের বাইরে থাকতে হবে। শফিউলের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এই ঢাকা টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আল আমিন। গতকাল রবিবার অনুশীলনের ঠিক আগে খানিকটা ওয়ার্ম আপ করে নিচ্ছিল বাংলাদেশ। এই সময়ই দৌড়াতে গিয়ে হঠাত্ করেই পড়ে যান শফিউল। প্রথমে গুরুতর কিছু মনে না হলেও পড়ে দেখা যায় উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছে এই পেসারের। ফিজিও বিভব সিংয়ের কাঁধে ধরে ড্রেসিংরুমে নিয়ে যাওয়ার পরই দল সূত্রে জানা গিয়েছিল যে, এই সিরিজে আর দেখা যাচ্ছে না শফিউলকে। শেষ গত জিম্বাবুয়ে সিরিজেও দলে ছিলেন শফিউল। সেই সিরিজে চারটি উইকেটও পান তিনি। বিকালের অনুশীলন শেষে ফিজিও বিভব সিং সাংবাদিকদের বলেন, ‘শফিউলের ইনজুরি আমাদের জন্য হতাশার। এই সিরিজে তার খেলার আর কোন সম্ভাবনাই নেই। আগামী দু’দিন আমরা ওকে পর্যবেক্ষণে রাখবো। এরপর স্ক্যান করে দেখা হবে সমস্যাটা কতোটুকু গুরুতর। একটা ব্যাপার নিশ্চিত যে, কম করে হলেও প্রায় চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শফিউলকে।’