ক্ষোভ ও হতাশায় কক্সবাজারবাসী
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২২:১৪
আগামী বছরের ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের কোন খেলা কক্সবাজার স্টেডিয়ামে হচ্ছে না। এ নিয়ে কক্সবাজারবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। আইসিসির এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কক্সবাজারের ক্রীড়ামোদীরা।
আগামী বছর অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আসরকে কেন্দ্র করে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। পিচ ও মাঠ তৈরির কাজও আইসিসি’র নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। এখন চলছে অন্যান্য আনুষঙ্গিক কাজ। কিন্তু রবিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে আইসিসির একটি প্রতিনিধি দল কক্সবাজার স্টেডিয়ামের পরিবর্তে সিলেটকে টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্বাচিত করার ঘোষণা দেয়ার পর কক্সবাজারবাসীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। ঘটনার ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজারের ক্রীড়ামোদীরা। আইসিসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তারা।