প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফকে অব্যাহতি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫০
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে মাহবুব উল আলম হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।
মাহবুব উল আলম হানিফকে ২০০৯ সালের ৬ এপ্রিল সচিব পদমর্যাদা ও সচিবের সমান সকল সুযোগ-সুবিধা দিয়ে ওই পদে নিয়োগ করা হয়। হানিফ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ সাড়ে চার বছর আলোচ্য পদে দায়িত্ব পালনের পর গতকাল অনেকটা আকস্মিকভাবে তাকে অপসারণ করা হয়।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার ইত্তেফাককে বলেন, মাহবুব উল আলম হানিফকে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ করা হয়েছিলো। নিয়োগের শর্তই ছিলো প্রধানমন্ত্রীর যতদিন ইচ্ছা হয় ততদিন তিনি স্বীয় পদে বহাল থাকবেন। তবে হানিফের আকস্মিক পদচ্যুতিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‘অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ নিজেই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদটিতে থাকতে চাননি। গতকাল রবিবার রাতে ইত্তেফাককে তিনি এ তথ্য জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আরো সম্পৃক্ত হয়ে কাজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। তিনি সেই আবেদন মঞ্জুর করেছেন।