মোদীর জনসভার আগে বিহারে সিরিজ বোমা হামলা, নিহত ৬
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫১
গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সমাবেশস্থলের কাছে গতকাল রবিবার পরপর সাতটি বোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮০জন আহত হয়েছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মোদীর জনসভায় আসার আগে এই বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এছাড়া পাটনায় একটি রেলস্টেশনের কাছে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বিহারের রাজধানী পাটনায় সিরিজ বিস্ফোরণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত মোট ৬টি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তার মধ্যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে মোদীর সভাস্থল থেকে মাত্র ১৫০ মিটার দূরে গান্ধী ময়দানে। বিস্ফোরণস্থলের পাশে আরো দু’টি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে পাটনা রেলস্টেশনে। সাড়ে ১০টার দিকে পাটনা রেলস্টেশনের পাশে একটি শৌচালয়ে দেশী বোমা বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্ফোরণের দ্বিতীয় ঘটনাটিও ঘটে পাটনা রেলস্টেশনে। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে মোদীর নির্বাচনী সমাবেশস্থল গান্ধী ময়দানে। বিস্ফোরণের ঠিক আগেই মোদীর সভায় যোগ দিতে কয়েক হাজার বিজেপি সমর্থক পাটনা স্টেশনে নামেন। মোদীকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করায় ১৭ বছরের সম্পর্ক ভেঙে এনডিএ জোট ছেড়েছে নীতিশ কুমারের দল জেডিইউ। এরপর গতকালই প্রথমবার প্রচারে বিহারে সভা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সভায় লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করেছিল বিহার রাজ্য বিজেপি। রাজ্য সরকার ঘটনাটির তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় তদন্ত সংস্থা ঘটনার তদন্ত করবে।