শিবির কর্মী হত্যার প্রতিবাদে জলঢাকায় বুধবার হরতাল

জলঢাকা উপজেলায় আগামী ৩০ অক্টোবর, বুধবার আধাবেলা হরতালের আহবান করেছে উপজেলা জামায়াত।গত শুক্রবার জামায়াত ও শিবির কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে মোসলেম উদ্দিন নামের এক শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা জামায়াত এ হরতাল আহবান করেছে। গত শনিবার দক্ষিণ কাজিরহাট হাজীপাড়ায় নিহত মোসলেম উদ্দিনের জানাজা শেষে এই কর্মসূচী ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন। এ সময়ে অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ্ব সৈয়দ আলী, জামায়াত জেলা আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টুসহ বিভিন্ন ইউনিয়নের ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা । গত শুক্রবার সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় পেট্রোল পাম্প এলাকা থেকে জামায়াত-শিবির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের দিকে আসার চেষ্টা করে।এসময় পৌর অফিসের কাছে পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গুলিবিদ্ধ ৭ জনের মধ্যে ওইদিন রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ কাজির হাট এলাকার আবুল হোসেনের ছেলে মোসলেম উদ্দিন মারা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬শ জনের নামে একটি মামলা করেছেন।