বাঁশখালীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসি ও ইউপি সদস্যসহ আহত ১৫

জেলার বাঁশখালী উপজেলার মনসুরিয়া বাজারে গতকাল রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানার ওসি আবদুস সালাম ও শীলকূপ ইউনিয়নের মেম্বার জামায়াত নেতা রাশেদ নুরীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীলকূপ গ্রামের বেলাল উদ্দিন ও তার ২ বন্ধু গতকাল সকালে মনসুরিয়া বাজারে এলে তুচ্ছ ঘটনা নিয়ে এলাকার কয়েকজন যুবকের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। খবর পেয়ে শীলকূপের মেম্বার রাশেদ নুরীসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও করা হয় হামলা। পরে শীলকূপ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোজাম্মেল হক সিকদার ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে ২ পক্ষের মাঝে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। সংঘর্ষে আহত হয় ১৫ জন। তাদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁশখালী থানার ওসি কামরুল হাছান বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি সমপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার বলেন, আমার গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি।