খানা-খন্দে ভরা কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল
লুত্ফর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৬
কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল যেন খানা-খন্দের ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা, দুর্গন্ধ, আর ছোট-বড় গর্তে সামান্য বৃষ্টিতে জমা হয় হাঁটু পরিমাণ পানি। বৃষ্টি ছাড়াও সবসময় এতে নালা-নর্মদার কর্দমাক্ত ময়লা ও দূষিত পানি থাকে। এতে প্রতিদিন অসংখ্য যাত্রীসাধারণকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। ওই টার্মিনালের সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিগত সময়ে কুমিল্লা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্টরা দাবি জানিয়ে আসলেও এ অসহনীয় অবস্থার কোন পরিবর্তন হয়নি।
মহানগরীর ২১নং ওয়ার্ডের আশ্রাফপুর (জাঙ্গালিয়া) এলাকায় অবস্থিত কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকা এবং কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কচুয়া, লাকসাম, নাঙ্গলকোট ছাড়াও জেলার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের সবকটি উপজেলার জনগণ কমপক্ষে ২০টি রুটে বিভিন্ন স্থানে দূরপাল্লার ও আঞ্চলিক যানবাহনের মাধ্যমে যাতায়াত করে থাকে। এ টার্মিনালে এসে যাত্রীদেরকে প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু জানান, টার্মিনালের এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া হবে।