কুবিতে জনসংযোগ কর্মকর্তা লাঞ্ছিত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০০
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিয়োগ-পদোন্নতির প্রতিবাদে ভিসি’র দফতরে প্রতিবাদী শিক্ষক জোটের নেতারা তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে গতকাল সোমবার ভিসি তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। একটি সূত্র জানায়, রবিবার গভীর রাতে কুবির ডেপুটি রেজিস্ট্রার পদে সদ্য পদোন্নতি পাওয়া জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান সস্ত্রীক ভিসি ও রেজিস্ট্রারের কার্যালয়ে প্রবেশ করে পদোন্নতির ফাইলপত্র ও সিন্ডিকেট সভার সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ নথিপত্র সরানোর চেষ্টাকালে খবর পেয়ে প্রতিবাদী শিক্ষকরা গিয়ে তাকে লাঞ্ছিত করে ভিসির দফতরে তালা ঝুলিয়ে দেয়।
জানা যায়, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুবি’র ভিসি তড়িঘড়ি করে গত ২৫ অক্টোবর ঢাকার লিয়াজোঁ অফিসে এক জরুরি সিন্ডিকেট সভায় নিয়োগ বিধি আমলে না নিয়ে বিভিন্ন বিভাগে নিজের পছন্দের ও আস্থাভাজন শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি দেন। এর আগে নিয়োগে বিশ্ববিদ্যালয় আইনে নিয়ম-নীতি না মেনে ভিসির একচ্ছত্র ক্ষমতাবলে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ-পদোন্নতি প্রক্রিয়ার বিরোধিতা করে কুবি’র লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান মাসুদা কামাল উচ্চ আদালতে এক রিট পিটিশন দায়ের করেন। এতে উচ্চ আদালত যাবতীয় নিয়োগ ও পদোন্নতি স্থগিত প্রদান করে আদেশ দেন। অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ শিক্ষক জোটের নেতা স্বপন মজুমদার ও লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান মাসুদা কামাল জানান, ভিসি’র চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। তাই নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা না মেনে ভিসি তার আমলে নিয়োগ পদোন্নতিসহ যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা প্রদানের জন্য ওই সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এদিকে প্রতিবাদী শিক্ষক নেতারা এসব নিয়োগ-পদোন্নতি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।