নেত্রকোনা-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা শুরু

১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে এই নির্বাচনকে ঘিরে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা শুরু হয়েছে। প্রার্থীর অভাব নেই বড় দুই দলেই। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে রঙিন পোষ্টার সেটে ব্যাপক প্রচার করছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু সরকারের সাবেক খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী প্রয়াত আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এই আসনের এমপি রেবেকা মমিন ছাড়াও এই আসনে আরও ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, কেন্দ্রীয় নেতা কামাল পাশা চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন মোঃ শহীদ ইকবাল, ক্যাপ্টেন (অব) মঞ্জুর, সাংবাদিক লেখক আকাশ চৌধুরী, যুব লীগ নেতা আহসানুল হক জুয়েল। অপর দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর কারাগারে রয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। তিনি ছাড়াও বাবরের প্রতিদ্বন্দ্বী তারই মদনের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব) আতাউল হক, হাওর পাড়ের সন্তান বিশিষ্ট শিল্পপতি একেএম জাহাঙ্গীর তালুকদার, মদন পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফি, যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের আহবায়ক শামসুল হক মাহবুব, আরও রয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী রোকশানা কানিজ পলমল। তরুণ প্রজন্মের উদীয়মান কেন্দ্রীয় কমিউনিষ্ট পার্টির নেত্রী জলি তালুকদার। জাতীয় পার্টি (এরশাদ) মোহনগঞ্জ উপজেলার সভাপতি এডভোকেট আব্দুর রহিমও জনসংযোগ করছেন।