বদরগঞ্জে ৯ মাসে ২৩ ট্রান্সফরমার চুরি

রংপুরের বদরগঞ্জে গত ৯ মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুত্ অফিস সূত্রে জানা গেছে, চুরি যওয়া ট্রান্সফমারের মূল্য ১২ কোটি টাকা। অব্যাহত চুরির ঘটনায় গ্রাহকরা আর্থিক ক্ষতিসহ নানাবিধ বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার কিসমত ঘাটাবিল, শংকরপুর ফয়েজের পাড়া, ফেস্কিপাড়া, জামুবাড়ি ডাঙ্গাপাড়া, আমরুলবাড়ী আমবাগান, কুতুবপুর খিয়ারপাড়া, খোড়াগাছ, দিলালপুর মাঝপাড়া, গোপালপুর বারঘরিয়া, আরাজি দিলালপুর, বুড়িপুকুর খিয়ারপাড়া, মৌয়াগাছ নয়াপাড়া, মৌয়াগাছ চৌধুরীপাড়া, খালিশা হাজিপুর ও শালবাড়ী খিয়ারপাড়া এলাকা থেকে ২৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার রাতের অন্ধকারে চুরি হয়। দুর্বৃত্তরা জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি চুরিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যুত্ বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ, পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ জনবহুল এলাকায় সভা-সমাবেশ করা হচ্ছে। জানা গেছে, ট্রান্সফরমারের ভেতরে তামার তৈরি কয়েল থাকে। বাজারে তামার মূল্য বৃদ্ধি পাওয়ায় চোরেরা এই কয়েল খুলে বিক্রি করছেন। একেকটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্য ৫ কেভিএ ৩৫ হাজার টাকা, ১০ কেভিএ ৫৩ হাজার, ১৫ কেভিএ ৬৯ হাজার এবং ২৫ কেভিএ ৯৭ হাজার টাকা। অপর একটি সূত্র জানায়, ট্রান্সফরমার চুরির সাথে বিদ্যুত্ বিভাগের কতিপয় অসাধু লোক জড়িত। গাজীপুরের ভবানীপুরে ট্রান্সফরমার তৈরির কারখানায় তারা অর্ধেক দামে এগুলো বিক্রি করে দেন।