মানসিক সমস্যা চিকিত্সকদের সবচেয়ে বেশি!

কম বেশি মানসিক সমস্যা বা মনস্তাত্ত্বিক সমস্যা সব পেশার লোকদেরই থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু এবার অস্ট্রেলিয়ায় পরিচালিত এক গবেষণা জরিপে দেখা গেছে, চিকিত্সক ও মেডিক্যাল স্টুডেন্টরা সবচেয়ে বেশি মানসিক সমস্যায় ভোগেন। গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়, প্রতি ৫ জন মেডিক্যাল স্টুডেন্টের মধ্যে ১ জনের এবং প্রতি ১০ জন চিকিত্সকের মধ্যে ১ জনের আত্মহত্যার চিন্তার প্রবণতা রয়েছে এবং শতকরা ৪ ভাগ চিকিত্সক প্রবল মানসিক সমস্যার শিকার। মেন্টাল হেলথ গ্রুপ বেয়ন্ড ব্লু নামের একটি প্রতিষ্ঠান ১৪ হাজার চিকিত্সক ও মেডিক্যাল স্টুডেন্টের ওপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে, ক্যান্সার স্পেশালিস্ট সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিক চাপে থাকেন এবং নবীন মহিলা চিকিত্সকগণ সবচেয়ে বেশি মানসিক সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বেয়ন্ড ব্লু-এর উপদেষ্টা ড: মুকেশ হায়কেরোয়াল উল্লেখ করেছেন, স্বাস্থ্য সেক্টরে কাজ করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে বেয়ন্ড ব্লুর প্রধান নির্বাহী কেট কারনেল মনে করেন চিকিত্সকদের অনেকের প্রবল মানসিক সমস্যা থাকলেও তা তারা স্বীকার করতে চান না এবং চিকিত্সকগণ পরামর্শ নেয়া থেকে বিরত থাকেন। মানসিক সমস্যার শিকার ৫৯ ভাগ চিকিত্সকরা মনে করেন অন্যকোন চিকিত্সকের কাছে যাওয়া আরও বেশি বিব্রতকর। মিসেস কারনেল মনে করেন যে সব চিকিত্সকের মানসিক সমস্যা আছে এবং যারা হতাশা ও উদ্বেগ নিয়ে থাকেন তারা অন্যের ভালো চিকিত্সা কিভাবে দেবেন। তাই ইস্যুটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ