বটিয়াঘাটায় ধান ক্ষেতে পোকার আক্রমণ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৫
উপজেলার ৭টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হলেও অতিবৃষ্টির কারণে প্রায় সাড়ে চারশ’ হেক্টর জমিতে ব্যাপক পোকার আক্রমণ দেখা দিয়েছে। মাজড়া পোকা, পাতা মোড়ানো পোকা ও সবুজ পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হওয়ায় কৃষকরা আশানুরূপ ফসল নিয়ে শঙ্কিত রয়েছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বটিয়াঘাটায় ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। প্রকৃতি অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় ধান ভাল হয়েছে। সবুজ ধানে ক্ষেত ভরে আছে। দীর্ঘদিন ধরে অতিবৃষ্টির কারণে ক্ষেতে পোকার আক্রমণ শুরু হয়েছে।
কৃষকরা জানায়, আশ্বিন-কার্তিক মাসে বৃষ্টি থাকার কথা নয়। এ সময় হালকা কুয়াশা এবং রোদ পড়ার কারণে ধান ভাল হয়। প্রকৃতি প্রতিকূলে চলে যাওয়ায় ১৫০ হেক্টর জমির ধানে মাজড়া পোকা, ২৫০ হেক্টরে পাতা মোড়ানো পোকা ও ৫০ হেক্টর জমিতে সবুজ পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়েছে। ফলে সাড়ে চারশ’ একর জমির ধান পোকার কবলে পড়ায় আশানুরূপ ফলন হবে না বলে আশংকা। কৃষকরা চড়া দামে কীটনাশক ক্ষেতে ছিটিয়েও কোন সুফল পাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা বুদ্ধদেব সেন জানান, আমাদের পক্ষ থেকে কৃষকদের সচেতন করে তোলার ঘাটতি নেই। ইতিমধ্যে পোকা দমনে আলোর ফাঁদ ও পার্চিং পদ্ধতিতে ডাল পুঁতে পাখি বসানোর চেষ্টা করে এ পোকা দমনের কর্মসূচিকে জোরদার করা হয়েছে।