কাজীপুরে বিভিন্ন সরকারি অফিসে শতাধিক পদ শূন্য
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৬
কাজীপুর উপজেলার সরকারি বিভিন্ন অফিসে জনবল সংকটে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় জনবলের অভাবে একদিকে যেমন কর্মকর্তাদের উপর চাপ বাড়ছে অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবত্ উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনারসহ ৯টি পদ শূন্য রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসের ৭টি পদে জনবল নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রথম শ্রেণির ১০টি ,দ্বিতীয় শ্রেণির ১টি, তৃতীয় শ্রেণির ১৭টি এবং চতুর্থ শ্রেণির ৬টি পদ শূন্য রয়েছে। কাজীপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সার্জারী, মেডিসিন, এনেসথেসিয়া, সহকারী সার্জন ও মেডিক্যাল অফিসারের মত গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন যাবত্ খালি রয়েছে। এতে চিকিত্সা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। উপজেলা কৃষি অফিসে ৫টি পদ শূন্য রয়েছে। মত্স্য অফিসে ৩টি পদে জনবল নেই দীর্ঘদিন যাবত্। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৮টি সহকারি শিক্ষা কর্মকর্তার পরিবর্তে রয়েছে মাত্র ৩ জন। উপজেলা মাধ্যমিক অফিস, সমাজসেবা অফিস, বিআরডিবি অফিসেও জনবল সংকট দীর্ঘদিন যাবত্।