জ্বর-জর্জরিত বাংলাদেশ!

আগেরদিনই পেসার শফিউল ইসলামের ইনজুরিতে কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ দল। মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ প্রথম ওয়ানডে’র আগে আনফিটের তালিকায় আছেন আরও অনেকে। দলের মধ্যে অনেকেই ভুগছেন ঠাণ্ডা-জ্বরে। ঢাকা টেস্ট থেকেই জ্বরে আক্রান্ত মোমিনুল হক। সেই অবস্থাতেও ১২৬ রানের ইনিংস খেলেছিলেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। টেস্টের পরদিনই গত শনিবার মোমিনুলের রক্ত পরীক্ষা করা হয়। রবিবারই সেই টেস্টের ফলাফল পাওয়া যায়। গতকাল মোমিনুলকে ফিট ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেন, ‘রিপোর্টে আমরা কোন সমস্যা পায়নি। আগামীকালকের (আজকের) ম্যাচ খেলার জন্য মোমিনুলের শারীরিক কোন সমস্যা নেই।’ মোমিনুল তো গেল, শঙ্কা আছে সাকিব আল হাসানকে নিয়েও। ঠাণ্ডা জ্বরের কারণে গতকাল দলের অনুশীলনে ছিলেন না তিনি। সাকিবের ব্যাপারে টিম ম্যানেজার ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘গুরুতর কোন সমস্যা নয়। সামান্য জ্বর। শুধু নিরাপদ থাকার জন্যই আজ (গতকাল) তাকে অনুশীলন থেকে ছুটি দেয়া হয়েছে।’ এছাড়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, তিনি নিজেও সামান্য জ্বরে ভুগছেন।