প্রাইজমানিতেও সেরেনার রেকর্ড

তার বয়সী অন্য প্রায় সবাই চলে গেছেন অবসরে। যারা খেলছেন তারাও হিমশিম খাচ্ছেন তুলনামূলক বিচারে তরুণ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়তে। আর সেরেনা উইলিয়ামস কিনা এই ৩২ বছর বয়সে তার ১৮ বছরের টেনিস ক্যারিয়ারের সবচেয়ে সফল মৌসুমটি কাটালেন! ইস্তাম্বুলে ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনালে লি নাকে তিন সেটে উড়িয়ে এই আমেরিকান গত রোববার জিতলেন বছরের একাদশ শিরোপা। দুটো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ এই বছরে সেরেনার জয়ের রেকর্ডটি গিয়ে দাঁড়াল ৭৮-৪ এ। পাশাপাশি মহিলা এককের এই নাম্বার ওয়ানের বার্ষিক প্রাইজমানি বেড়ে দাঁড়াল প্রায় সোয়া কোটি ডলারে। মহিলা টেনিসে যা কিনা নতুন রেকর্ড। ইস্তাম্বুলে শিরোপার পাশাপাশি সেরেনা পকেটে পুরেছেন প্রায় ২১ লাখ ডলার প্রাইজমানিও। ফলে চলতি বছরে তার মোট প্রাইজমানি গিয়ে দাঁড়াল এক কোটি ২৫ লাখ ডলারে। যার মধ্যে তিন লাখ ডলার এসেছে এটিপির পক্ষ থেকে বোনাস হিসেবে। আর এই হিসাব বলছে সব মিলে সেরেনা উইলিয়ামস ছাড়িয়ে গেছেন এক মৌসুমে সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড গড়া ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও। গত বছর ৮০ লাখ ডলার আয় করে এই রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন বেলারুশ তারকাই। আর পুরুষ বিভাগে এই রেকর্ডটি নোভাক জোকোভিচের দখলে। গত দুই বছরে পুরুষ এককের দুই নম্বর তারকা এই সার্বিয়ানের উপার্জন ছিল যথাক্রমে এক কোটি ২৮ লাখ এবং এক কোটি ২৬ লাখ ডলার। সেরেনার জন্য এটি অবশ্য একেবারেই নতুন অভিজ্ঞতা নয়। এর আগেও এটিপির সর্বোচ্চ আয় করা খেলোয়াড় ঘোষিত হয়েছিলেন তিনি। টেনিস তো বটেই মহিলা অ্যাথলেটদের মধ্যেও প্রাইজমানি বিচারে সেরেনার ধারে কাছে নেই আর কেউ। এবছরই সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়া সেরেনার উপার্জন যেখানে পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার, সেখানে দ্বিতীয় স্থানে থাকা আমেরিকান গলফার আনিকা সরেনস্টেনের জেতা ক্যারিয়ার প্রাইজমানির পরিমাণ আড়াই কোটি ডলারেরও কম। এটিপি ফাইনালে অনিশ্চিত ফেদেরার ঘরের ছেলে রজার ফেদেরারকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সুইস ইনডোর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় শিরোপা লাভ করলেন দেল পোত্রো। গতকাল বাসেলে টুর্নামেন্টের ফাইনালে এই দীর্ঘদেহী আর্জেন্টাইন ৭-৬ (৭/৩), ২-৬, ৬-৪ গেমে পরাজিত করেন ফেদেরারকে। আর এই পরাজয়ের ফলে ফেদেরার আগামী ৪ নভেম্বর থেকে লন্ডনে অনুষ্ঠিতব্য বছরের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুরে সরাসরি খেলার সুযোগ নষ্ট করেছেন। বাসেলে হেরে গেলেও লন্ডনে খেলার সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি ফেদেরারের জন্য। এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জয়ের ফলে তিনি আগামী সপ্তাহে প্যারিস মাস্টার্সে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ঐ টুর্নামেন্টে ফেদেরার রবিবার ভ্যালেন্সিয়ায় চ্যাম্পিয়ন রাশিয়ার মিখাইল ইয়ুঝনি এবং দক্ষিণ আফ্রিকান কেভিন এন্ডারসনের মুখোমুখি হবেন। আর প্যারিসে এই দুইজনকে হারাতে পারলেই কেবল টানা দ্বাদশ বারের মতো লন্ডনে খেলার সুযোগ পাবেন সাবেক এই শীর্ষ তারকা। প্রায় ৯ হাজার স্বাগতিক সমর্থকের সামনে যেখানে ফেদেরারের আত্মবিশ্বাসী হবার কথা সেখানে প্রথম গেমেই দুইবার ডাবল ফল্ট করে গেমটি হাতছাড়া করে বসেন সুইস তারকা। এরপর দারুণ লড়লেও শেষ পর্যন্ত টাইব্রেকারে সুইস মাস্টারকে পরাজিত করেন সপ্তাহ তিনেক আগে টোকিওতে শিরোপা জেতা দেল পোত্রো। এই টুর্নামেন্টে খেলা ১০টি ফাইনালের মধ্যে পাঁচবারই জয়ী হয়েছেন ফেদেরার। তবে ম্যাচ শেষে ফেদেরারের প্রতি নিজের শ্রদ্ধা জানাতে ভুল করেননি আর্জেন্টাইন শীর্ষ বাছাই। ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের প্রতি সম্মান রেখেই তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘সপ্তাহের সেরা ম্যাচটা আজ খেললাম। রজার একজন দারুণ ব্যক্তি এবং সে এই টুর্নামেন্টের বেশ কয়েকটি শিরোপা জিতেছে। আমি জানি, এ ধরনের বড় ম্যাচে হারার অনুভূতিটা কেমন। আমি আজ ভাল খেলেছি এবং সত্যিই আমার দারুণ লাগছে। আর শেষ দুইটি সার্ভিস ছিল পুরো ম্যাচের সেরা।’