ভেন্যু বাতিল করায় কক্সবাজারে মানববন্ধন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু থেকে কক্সবাজারে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের নাম বাদ দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকালে কক্সবাজার শহরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে সরকারি ও বিরোধী দলের নেতাসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিএনপির কেন্দ্রিয় নেতা ও সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, সেক্রেটারী সালাহ উদ্দিন আহমদ সিআইপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিমউদ্দিন, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তৃতা করেন। মানববন্ধনের এক পর্যায়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন এবং আন্দোলনকারীদের কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে কক্সবাজারে পূর্ব নির্ধারিত মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আয়োজন করার দাবী জানান।