এমিলির উপর হামলায় নিন্দা

গত ২৫ অক্টোবর নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাবে সাবেক তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলির উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহামেডান, আবাহনী এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা এমিলির উপর শারীরিক নির্যাতন এবং লাঞ্ছিত করার ঘটনায় মর্মাহত হয়েছে খেলোয়াড়, সংগঠক, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার। তারা মনে করেন কৃতী ফুটবলার এমিলি বা কোনো ব্যক্তি কোনো অন্যায় বা অনিয়ম করে থাকলে অভিযোগের মাধ্যমে বিচার বা সুরাহা করার আইনি ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু যে বা যারা এমিলিকে নিগৃহিত করেছেন। কোনো কারণ ব্যতিরেকেই তা মেনে নেয়া যায় না। সম্মিলিত ক্রীড়া পরিবার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। সোনালী অতীত ক্লাবের নিন্দা সাবেক ফুটবল তারকা সম্রাট হোসেন এমিলির উপর নির্যাতনের নিন্দা জানিয়েছে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক সাবেক স্ট্রাইকার শেখ মোঃ আসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে তারা এমিলিকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে এর সুষুম বিচার দাবি করেছেন।