প্রোটিয়াসদের সাহায্যার্থে ফিরছেন কার্স্টেন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ব্যাটিং পরামর্শক হিসাবে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কোচ গ্যারি কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট রোববার একথা জানিয়েছে। আগামী বুধবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। দুবাই এবং আবুধাবিতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যচে মাত্র পাঁচ দিনের জন্য দলের সঙ্গে যোগ দেবেন কার্স্টেন। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘কার্স্টেন একজন বিশ্বকাপ জয়ী কোচ এবং তার স্বাধীনতায় আমাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে এবং ব্যাটিং ক্ষেত্রে তার বিশাল অভিজ্ঞতা ও জ্ঞান দলের জন্য খুবই সহায়ক হবে বলে আমরা মনে করি। বিশ্বকাপ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। তাই আমাদের হাতে থাকা সুযোগগুলো যথাসম্ভব ব্যবহার করাটা আমাদের জরুরি।’