সংবাদ সংক্ষেপ

রাজেন্দ্রপুর সেনানিবাসে আইএপিটিসির বার্ষিক সভা গাজীপুর প্রতিনিধি \ ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব পিস কিপিং ট্রেনিং সেন্টার্স (আইএপিটিসি)-এর ৪দিনব্যাপী ১৯তম বার্ষিক সভা সোমবার থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মোঃ মঈনুল ইসলাম এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে ওই সভার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিনল্যান্ডের ক্রাইসি ম্যানেজমেন্ট সেন্টারের হেড অব ট্রেনিং পিটেরি টাইটু ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপশট)-এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এনডিসি। সভায় উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ূন কবীর এনডিসি। মীর্জাগঞ্জে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা\ মীর্জাগঞ্জ উপজেলায় গত রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মীর্জাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন:উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, কৃষকদলের সহ-সভাপতি মোঃ ইউনুস মৃধা, যুবদল নেতা মোঃ সানু ও বিএনপি কর্মী মোঃ আবু জাফর। মীর্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবির মোহাম্মদ হোসেন জানান, মীর্জাগঞ্জ উপজেলার কাঠালতলিতে গত রবিবার হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের একটি মামলায় এদের গ্রেফতার করা হয়েছে। কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দায় গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ-এর উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী ও ভাইস চেয়ারম্যান ডাঃ ফজলুল হক। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোঃ হাদিছুজ্জামান ও ব্র্যাক ওয়াশের সিনিয়র উপজেলা কর্মকর্তা তবারক হোসেন শাম্মী। জীবননগরে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল সোমবার ভোরে উপজেলার বেনীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সুবলপুর গ্রামের সড়কে অভিযান চালিয়ে একটি পাওয়ার ট্রিলার আটক করে এর বক্সের ভেতর হতে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ক্যাম্প ইনচার্জ হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় জওয়ান নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় বিশেষ ব্যবস্থায় নির্মিত পাওয়ার ট্রিলারটি আটক করে বিজিবি। রাজবাড়ীর হরিজন পল্লীতে সেলাই মেশিন প্রদান রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীর হরিজন সমপ্রদায়ের নারী সদস্যদের সাহায্যার্থে সেলাই মেশিন প্রদান করেছে শিশু শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী মোহন মিশন স্কুল। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন প্রদান করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক খান মোঃ জহুরুল হক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেমস হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিআইবির সচেতন নাগরিক সমাজ (সনাক)-এর সহ-সভাপতি এডঃ নাজমা সুলতানা, এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম প্রমুখ। ঘিওরের বানিয়াজুরী স্কুলে ম্যানেজিং কমিটি ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঘিওর উপজেলার ২৫ নং বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমপ্রতি ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হলো: মো: আজাহার আলী, আব্দুল ওয়াহাব, সেলিনা চৌধুরী ও আঙ্গুরী বেগম। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছরের জন্য বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। বানারীপাড়ায় আওয়ামী লীগের মোটরসাইকেল র্যালি বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা \ বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও হরতালের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা হরতাল-বিরোধী শোভাযাত্রা করে। সেনবাগে জামায়াত-শিবিরের মিছিল সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ ২৮ অক্টোবর স্মরণে নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াত-শিবির। গতকাল সোমবার পৌর শহরের প্রেসক্লাব চত্বরে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মো. ইয়াছিন মিয়াজীর সভাপতিত্ব সভায় সেনবাগ পৌর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল আজিম সোহেল, পৌর বিএনপির সেক্রেটারী ফারুক বাবুল, জামায়াত ঢাকা ধানমন্ডি থানা সভাপতি-গোলাম হায়দার সোহেল, কাদরা ইউনিয়ন জামায়াত সভাপতি গোলাম হোসেন শাহীন, কাদরা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী দ্বীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। সাভারে বিশ্ব আকুপেশনাল থেরাপি দিবস পালিত ইত্তেফাক রিপোর্ট \ বিশ্বের ৮০টি দেশের মতো সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব আকুপেশনাল থেরাপি দিবস। গত রবিবার দিবসটি উপলক্ষে সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর-এর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি সিআরপি থেকে বের হয়ে সিআরপিতে এসে শেষ হয়। র্যালি শেষে এ উপলক্ষে সভায় বক্তারা এ রোগে আক্রান্ত রোগীদের প্রতি আরও যত্নবান হতে সকলকে আহবান জানানোর পাশাপাশি সামান্য পরিচর্যা ও কৌশল অবলম্বন করলে একজন শারীরিক প্রতিবন্ধীও যে স্বাভাবিক মানুষের মত চলতে পারে সে বিষয়টি তুলে ধরেন। মদনে মুক্তিযোদ্ধাদের পৌরকর মওকুফ মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গত রবিবার মদন পৌরসভার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের পৌরকর মওকুফ প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সাগর, আজাহারুল ইসলাম হিরু, আব্দুল খালেক, আরশুজ্জামান খান ও মোসলেমউদ্দিন প্রমুখ। সভায় পৌর এলাকায় বসবাসকারী ৫৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে পৌরকর মওকুফের প্রশংসাপত্র বিতরণ করেন। এ সময় পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিককে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার প্রতীকী ক্রেস্ট প্রদান করা হয়। আত্রাইয়ে সেভেন স্টার শপিংমলের মতবিনিময় আত্রাই (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার শপিংমলের উদ্যোগে এক মতবিনিময় সভা গত রবিবার নির্মাণাধীন শপিংমলে অনুষ্ঠিত হয়। শপিংমলের ম্যানেজিং ডিরেক্টর কুয়েত প্রবাসী মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান। বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি (তদন্ত) শাহিনুর রহমান, সাংবাদিক মুজাহিদ খান, ব্যবসায়ী বাবলু আকন্দ, আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ওসি বলেন, উন্নয়নের পূর্বশর্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। দৌলতপুরে শীতকালীন ফসলাদি চাষের প্রশিক্ষণ দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের ২৫ জন মনোনীত কৃষককে বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারে শীতকালীন ফসলাদি চাষাবাদের উপর প্রশিক্ষণ দিল এ্যাডরা বাংলাদেশ। গত রবিবার এ্যাডরা বাংলাদেশ, ইমপাওয়ারিং ফ্লাড প্রুণ পুওর কমিউনিটি প্রকল্পের আওতায় ২০১৩ সালে চরাঞ্চলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারে আগামী শীতকালীন ফসলাদি যেমন- গম, সরিষা,তিল, চীনাবাদাম, ভূট্টা, বার্লি, চীনা ও কাউন উত্পাদন সম্পর্কে একদিনের এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রশিক্ষণে ফসলাদির উত্পাদনের অধিকতর অর্থনৈতিক সুবিধার ব্যাপারে আধুনিক চাষাবাদ পদ্ধতির বিস্তারিত দীর্ঘ আলোচনা করা হয়। কৃষকদেরকে প্রশিক্ষণ দেন অত্র প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ আবু হেনা তালুকদার। বদরগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বদরগঞ্জ(রংপুর)সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জে মোহন মিয়া (২৫) ও সাজ্জাদ হোসেন(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ ৯৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। গত রবিবার সকালে ১৮ দলের হরতাল চলাকালে স্থানীয় শহীদ মিনারের সামনে পিকেটারদের হাতে ধরা পড়েন তারা। গ্রেফতারকৃতদের বাড়ি রংপুর সদরের ধাপ শিমুলবাগ গ্রামে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী ফেন্সিডিলসহ ওই দুই যুবককে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গঙ্গাচড়ায় স্নান মেলা অনুষ্ঠিত গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ গঙ্গাচড়ায় গত রবিবার ধামুর মাঝাপাড়া এলাকায় তিস্তার ঘাটে স্নান মেলা অনুষ্ঠিত হয়। স্নান মেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রাণী রায়। স্নান মেলার আহ্বায়ক কেশব দাস গয়রা জানান, এখানে হাজার হাজার পুণ্যার্থী স্নান করতে আসে। কার্তিক মাসের অষ্টমী তিথিতে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে চার প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ১২টি দল নাম সংকীর্তন পরিবেশন করেন। পুরোহিতের দায়িত্বে নিয়োজিত গিরীজা শঙ্কর চক্রবর্তী জানান, দ্বাপর যুগে রাধার স্নান করার জন্য একটি সরোবর (পুকুর) ছিল। সেই স্মৃতি ধারণ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই স্নান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। রাণীশংকৈলে জাতীয় স্যানিটেশন মাস পালন রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রাণীশংকৈল উপজেলায় গত রবিবার জাতীয় স্যানিটেশন মাস কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা টাস্ক ফোর্সের উদ্যোগে ও ব্র্যাক ওয়াশ’র সহযোগিতায় ওইদিন উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ইউপি চেয়ারম্যান আবু সুলতান ও জ্যোতিষ চন্দ্র রায়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, শিক্ষক-ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গায় কলেজ জাতীয় করণের দাবিতে মানববন্ধন আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আলফাডাঙ্গা ডিগ্রি কলেজকে জাতীয় করণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার হাজারো মানুষ রবিবার মানববন্ধন করে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, কলেজের উপাধ্যক্ষ সারেকুল হাসান নয়ন,আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, টগরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, ছাত্রলীগের সহ সভাপতি মো. এনায়েত হোসেন বাজার বণিক সমিতিরসহ সভাপতি মো. কামরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বর্তমান সরকারের আমলেই কলেজটি জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এ সময় ফরিদপুর—১ আসনের সংসদ সদস্য এবং কলেজ গর্ভানিং বডির সভাপতি মো. আব্দুর রহমানকে ছাত্র-ছাত্রীরা অবরুদ্ব করলে কলেজ জাতীয় করণের প্রতিশ্রুতি দেন। কাঠালিয়ায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গত রবিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিনের সভাপতিত্বে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক আহমেদ ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হারুন অর-রশীদ প্রমুখ। মুন্সীগঞ্জ অফিসার্স ক্লাবের ভিত্তিফলক উন্মোচন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শতাব্দী প্রাচীন মুন্সীগঞ্জের রাজা শ্রীনাথ অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর হাসান বাদল। গত রবিবার এ উপলক্ষে এডিসি ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) সওদাগর মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মুক্তিযোদ্ধা এম কাদের মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, সাধারণ সম্পাদক তানভীর হাসান ও আব্দুল হান্নান প্রমুখ। গফরগাঁওয়ে বিএনপির সাবেক এমপির মার্কেটে আগুন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রবিবার সন্ধ্যায় পৌর শহরের পাটমহল এলাকায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা বিএনপি দলীয় সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের মালিকানাধীন মার্কেটে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আওয়ামী দলীয় নেতা-কর্মীরা আরও ৫টি দোকানে হামলা চালিয়ে সার্টারে রামদা দিয়ে কোপায়। দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির যৌথ আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস-১৩ উদযাপন করা হয় গত রবিবার। স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রঙ-বেরঙের বিভিন্ন প্ল্যা¬কার্ড, ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি শহরে বের হয়। পরে এ উপলক্ষে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত্ বাবুল, প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মত্স্য কর্মকর্তা তরিকুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মকর্তা আলী নেওয়াজ প্রমুখ। কোটালীপাড়ায় প্রিপ ট্রাস্টের মতবিনিময় সভা কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা এসডিসির অর্থায়নে ও প্রিপ ট্রাস্টের অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি ও উপজেলা স্ট্যান্ডিং পর্যায়ে ভার্টিক্যাল ও হরাইজন্টাল নেটওয়ার্ক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদুনাথ মজুমদার, কৃষি কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস, প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ ইকবাল হোসেন প্রমুখ। সিংড়ায় কারিগরি কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ফরিদনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গত রবিবার উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম ও তার পিতা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন বিনগ্রাম কারিগরি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন, সমাজ সেবক আব্দুল্লাহ আল বাকিবিল্লাহ ডিউফ, বিশিষ্ট ব্যবসায়ী-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মোঃ রেজাউল করিম। জুড়ী টিএন খানম কলেজে স্বাস্থ্যচর্চা বিষয়ক সেমিনার বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা \ জুড়ী টিএন খানম একাডেমি বিশ্ববিদ্যালয় কলেজে গত রবিবার প্রশান্তি ইউকের উদ্যোগে স্বাস্থ্যচর্চা ও গর্ভাবস্থায় মা ও শিশুর যত্ন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মুজিবুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সেমিনারের সমন্বয়কারী ও টিএন খানম একাডেমি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কুলসুমা খানম মিলু। এতে আলোচনা করেন ব্রিটিশ চিকিত্সক ডা.জানকি বারাথান, প্রশান্তি ইউকে কর্মকর্তা বারিবালা, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কামরুজ্জামান, মাসুদ হাসান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। কোটালীপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থা কর্তৃক পরিচালিত নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচির আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশ অফিসার ও গ্রুপ সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাস, পুলিশ অফিসার এস আই তোতা মিয়া, জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায়, পশ্চিম রাজাপুর স্বেচ্ছাসেবী গ্রুপের সভাপতি নিরাঞ্জন অধিকারী প্রমুখ। হবিগঞ্জে রোভার স্কাউট বেসিক কোর্স শুরু হবিগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সহযোগিতায় ও জেলা রোভারের ব্যবস্থাপনায় হবিগঞ্জে প্রথমবারের মত ২৩৪তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে গত রবিবার ৫ দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুলতান আলম, অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ স্কাউটস-এর লিডার ট্রেনার মোঃ কামাল উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। মনোহরদীতে হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল সোমবার মনোহরদীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিরোধী দলের হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগসহ সকল অংগ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী যোগ দেয়। এমপি নুরুল মজিদ হুমায়ুনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মু ফজলুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সভাপতি আসাদুজ্জামান আপেল, সাধারণ সম্পাদক মকসুদ আলম নীলু, ছাত্রলীগ সভাপতি আমিনুর রশিদ সুজন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, শ্রমিক লীগ সভাপতি সাখাওয়াত হোসেন কাঞ্চন। ভালুকায় বিএনপি নেতার মোটর সাইকেল শোভাযাত্রা ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন ভালুকায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের মহাসচিব ও ময়মনসিংহ জেলা বিএনপি (দক্ষিণ) যুগ্ম মহা-সচিব আলহ্াজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম তার নিজ এলাকা উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ি থেকে নিজ সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে ভালুকা সদরে আসতে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খীরু ব্রিজ এলাকায় পুলিশ তাদের মোটর সাইকেল শোভাযাত্রাটি আটকে দেয়। এ ঘটনার পর পরই বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। দৌলতপুরে কৃষক প্রশিক্ষণে এ্যাডরা বাংলাদেশ দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের ২৫ জন মনোনীত কৃষককে বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারে শীতকালীন ফসলাদি চাষাবাদের উপর প্রশিক্ষণ দিল এ্যাডরা বাংলাদেশ। সোমবার এ্যাডরা বাংলাদেশ, ইমপাওয়ারিং ফ্লাড প্রুণ পুওর কমিউনিটি প্রকল্পের আওতায় ২০১৩ সালে চরাঞ্চলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারে শীতকালীন ফসলাদি যেমন- গম, সরিষা,তিল, চীনাবাদাম, ভূট্টা, বার্লি, চীনা ও কাউন উত্পাদন সম্পর্কে দৌলতপুর উপজেলা চকমিরপুর ইউনিয়নের ২৫ জন মনোনীত কৃষককে একদিনের প্রশিক্ষণ দেয়া হয়। পীরগঞ্জে শিক্ষক সাময়িক বরখাস্ত পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পীরগঞ্জের চান্দের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জওয়াহের আলী প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি উপেক্ষা করে বিদ্যালয়ে অতিরিক্ত জুনিয়র শিক্ষক নিয়োগ নেয়ার পর কৌশলে সহকারী শিক্ষক এবং পরে সহকারী প্রধান শিক্ষক হিসাবে পদায়ন নেয়ার অভিযোগ উঠেছে । অপরদিকে তার পদায়ন বাতিলসহ এমপিও হতে এ.এইচ.এম শব্দটি কর্তনের জন্য প্রস্তাব ও সুপারিশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ডিও লেটার প্রদান করেছেন রংপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য।