জেলা প্রশাসক গোল্ডকাপ
কাপ্তাই উপজেলাকে হারালো রাঙ্গামাটি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি সদর ৩-০ গোলে কাপ্তাই উপজেলা একাদশকে হারিয়েছে। গতকাল সোমবার বিকালে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনে দিনের খেলায় রাঙ্গামাটি সদর ৩-০ গোলে কাপ্তাই উপজেলা একাদশকে পরাজিত করে।
খেলার শুরুতে দুদলই গোল দিতে মরিয়া হয়ে ওঠে। কেউ কাউকে ছাড় না দিয়ে মাঠ দখল করে খেলতে থাকে। কিন্তু কাপ্তাই উপজেলার খেলোয়াড়দের ডিফেন্স ভেঙ্গে রাঙ্গামাটি সদরের ১০ নম্বর জার্সি পরিহিত রনবির প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন।
এর পর কাপ্তাই উপজেলা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠলেও রাঙ্গামাটি সদরের রক্ষণভাগের খেলোয়াড়দের কারণে গোল করতে ব্যর্থ হয়। পরে খেলার তৃতীয়ার্ধের ৫৮ মিনিটের মাথায় রাঙ্গামাটি সদরের ১১নং জার্সি পরিহিত মুন্না আসাম দ্বিতীয় গোলটি করেন। পরে খেলার শেষার্ধে ৫৯ মিনিটের মাথায় আবারো রাঙ্গামাটি সদরের ১০ নম্বর জার্সি পরিহিত রনবির চাকমা তৃতীয় গোলটি করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় বেসরকারি মোবাইল কোম্পানি ‘রবি’ এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। খেলা পরিচালনা করেন ফরহান হোসেন চৌধুরী, সাইড রেফারী ছিলেন হেলাল উদ্দিন টিটু ও মনিরুল ইসলাম।